শাহরিয়ার আহমেদ শাওন ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে সরকারি জায়গা থেকে টপ সয়েল কাটার অভিযোগে চা–বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পানিউমদা ইউনিয়নের অনুমোদনবিহীন ‘ববান’ চা–বাগানের ভেতরে একটি টিলায় এক্সকাভেটর (ভ্যাকু) দিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ মেলে। ঘটনাস্থলেই দেখা যায়, সরকারি জায়গা থেকে টপ সয়েল উত্তোলন করা হচ্ছে।
প্রশাসন জানায়, এর আগে একাধিকবার বাগানের ম্যানেজারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছিল। তারপরও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় সরকারি জমি থেকে মাটি কাটার উদ্যোগ নেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৪(২), ৬(খ) ও ১২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রমাণিত হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চা–বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী এবং টিলা বাবুর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















