প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৬:৫১:২৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অন্যদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। আগামী সংসদ নির্বাচনে আপন দুই ভাইয়ের অবস্থান দুই মেরুতে। গত শুক্রবার সন্ধ্যায় কালিহাতীর নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান।
মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে তিনি কয়েক দিন ধরে দ্বিধা-দ্বন্দে ছিলেন। তবে রাজনীতিতে বরাবরই জনগণের মতামত ও জনরায়কেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছেন বলে উল্লেখ করেন তিনি। কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের আগ্রহ এবং অনুরোধের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান সাবেক এই মন্ত্রী।
গতকাল রবিবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল ইসলামের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র উত্তোলন করেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানান লতিফ সিদ্দিকী।
এবার এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সদস্য ও শিল্পপতি লুৎফর রহমান মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। গত শনিবার বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।





















