মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ের করা এক মামলায় সাতপাড়িয়া গ্রামের আবু ইউসুফের ছেলে এমরান বাপ্পীকে দোষী সাব্যস্ত করে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (কালিকাপুর) এবং ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর ইসলাম বলেন, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”




















