প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৪:০৩ প্রিন্ট সংস্করণ
প্রায় সাড়ে সাত কোটি টাকা থাকা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
অর্থপাচারের অভিযোগ থাকায় আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
সিআইডির ফাইন্যান্সসিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের এসআই মো. জুলফিকার আলী এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার অনুসন্ধান পর্যালোচনায় দেখা যায়, সন্দেহভাজন আলহাজ্জ আমির হোসেন আমু ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশী বিদেশী মুদ্রা পাচার, ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২(শ) এর ৪, ৫, ৬ ও ১৪ ধারা অনুযায়ী সম্পৃক্ত অপরাধ সংঘটিত করেছে মর্মে প্রাথমিকভাবে অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানকালে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট আটটি হিসাব খোলার তথ্য পাওয়া যায়। এসব ব্যাংক হিসাব খোলার তারিখ থেকে অদ্যাবধি হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তির নামে থাকা আটটি ব্যাংক হিসাবে সর্বমোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা বর্তমানে স্থিতি রয়েছে। সন্দেহভাজন ব্যক্তির হিসাব সমূহে দেশি-বিদেশি মুদ্রাপাচার বা হুন্ডির অর্থ লেনদেন করা হয়েছে ও অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার জন্য এসব লেনদেন করা হয়েছে মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।
এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানপূর্বক ন্যায় বিচার নিশ্চিত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসব ব্যাংক হিসাবসমূহ অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজ/ অবরূদ্ধ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডি থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।














