জুয়েল বড়ুয়া ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫১:১৩ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জেলার চারটি সংসদীয় আসনের ৫৯৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রয়েছে।
ভোটগ্রহণের আগে, ভোটের দিন ও ভোট-পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালজুড়ে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা, সীমান্ত, উপকূল এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ কারণে জেলায় এবারের নির্বাচনী দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৩ হাজার ৪৯৯ সদস্য মোতায়েন রয়েছেন।
এর মধ্যে সেনাবাহিনীর ২ হাজার ১৬৬ জন, বিজিবির ৮৮০ জন, নৌবাহিনীর ৩৯৯ জন, বিমানবাহিনীর ৫০ জন, কোস্টগার্ডের ১৪৫ জন, র্যাবের ৮০ জন, আনসার ব্যাটালিয়নের ১৯০ জন এবং পুলিশের ১ হাজার ৮১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আনসার ও ভিডিপির ৭ হাজার ৭৭৪ জন সদস্য ভোটকেন্দ্রগুলোতে নিয়োজিত রয়েছেন। প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
ভোটগ্রহণ কার্যক্রমে ৪ হাজার ৫০৩ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭ হাজার ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জানান, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৩৫৭ জন। ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৬৮৯টি কক্ষে ভোটগ্রহণ পরিচালনা করছেন ১২ হাজার ২৫১ জন কর্মকর্তা।
কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।





















