সিলেট প্রতিনিধি: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেটে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করেছেন। বিদেশগামী যাত্রীদের ভ্রমণে যেন কোনো ধরনের প্রতারণা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এটি সিলেটবাসীর জন্য একটি উপহার।”
মন্ত্রী বলেন, “মানুষ আমাদের প্রতি যে আশা রেখেছে, যে ওয়াদা করেছি, তা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। হাতে সময় খুব বেশি নেই—পাঁচ বছর দেখতে দেখতে চলে যাবে। তাই এখন থেকেই কাজ শুরু করতে হবে।”
রমজান প্রসঙ্গে তিনি বলেন, “আজ প্রথম রমজানে সিলেটে এসেছি। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে মায়ের সঙ্গে সময় কাটাব। আগামীকাল নির্বাচনী এলাকায় যাব।”
সিলেটে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।




















