প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১০:০২:৪৯ প্রিন্ট সংস্করণ
বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত শহরের তালিকায় তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজ শীর্ষে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৪১ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম।
এ ছাড়া স্কোর ২২০ নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি এবং ২১৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর।
বায়ুমানের মাত্রা ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘সহনীয়’, ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে দায়ী করছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।














