মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ১০:১৩:৩৪ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরের সাতছড়ি সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকের সিজার মূল্য আনুমানিক সোয়া দুই লক্ষ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে সাতছড়ি বিওপির একটি টহলদল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার ‘লেবু বাগান’ নামক স্থানে ভারত থেকে কয়েকজন মাদক পাচারকারী বস্তাভর্তি মালামাল নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।




















