চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ১৮ এপ্রিল রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করে ৫৯ বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২০বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় ট্রাকচালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন,জব্দকৃত ট্রাক ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।