সারাদেশ

কালীগঞ্জে মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে স্মারকলিপি

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার : ৭ মে ২০২৬ , ১১:৫১:৩৭ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক ও ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ্ব শহিদুল ইসলাম, আশিকুল আলম, আব্দুল মালেক, আব্দুল গণি, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন বিশ্বাস, শরিফুল ইসলাম শরিফ, মামুনুর রহমান রনি, বদরুজ্জামান বদু, ফরিদুল ইসলাম, সৈয়দ মুয়াম্মার আল গাদ্দাফী, মোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন, মুক্তার হোসেন, ওহিদুল ইসলাম ও শাহজাহান আলীসহ আরও অনেকে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের ব্যবসায়িক ও আবাসিক জমি বাস্তব বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে অধিগ্রহণ করা হচ্ছে। তাদের দাবি, সংশ্লিষ্ট এলাকার জমির বর্তমান বাজারমূল্য কোটি টাকারও বেশি হলেও সরকার নির্ধারিত ক্ষতিপূরণ তার তুলনায় অত্যন্ত কম। এতে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

জমির মালিকরা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তারা সহযোগিতা করতে চান। তবে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এ কারণে তারা জমি ও স্থাপনার মূল্য পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে বিষয়টি পুনঃতদন্তের আশ্বাস দেন।

আরও খবর

Sponsered content