সারাদেশ

বাঘারপাড়ায় ‘স্বপ্নসুতা’ প্রকল্পের আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  সাঈদ ইবনে হানিফ ৯ মে ২০২৬ , ৭:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে নতুন দিগন্তের সূচনা করেছে কানাডাভিত্তিক মানবিক সংগঠন তাবাসসুম ফাউন্ডেশন। সংগঠনটির “স্বপ্নসুতা” প্রকল্পের আওতায় দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত ৮ মে শুক্রবার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও কর্মপ্রত্যাশী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রকল্পটির লক্ষ্য গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, যাতে তারা নিজ এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারেন এবং পরিবারে অর্থনৈতিক অবদান রাখতে সক্ষম হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুর রাজ্জাক, মো. মাহামুদুল আক্তার, কাজী কামরুল হোসেন, কাজী তারেক হোসেন এবং তাবাসসুম ফাউন্ডেশন কানাডা-এর অ্যাডভাইজরি বডি ও অর্গানাইজার টিমের সদস্যরা।

অতিথিরা বলেন, নারীদের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া মানেই একটি পরিবারকে এগিয়ে নেওয়া। “স্বপ্নসুতা” প্রকল্প শুধু সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং নতুন স্বপ্ন বুননের একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ।

তারা আরও বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

মো. মাসুম হোসেন মুঠোফোনে বলেন, “‘স্বপ্নসুতা’ শুধুমাত্র সেলাই মেশিন বিতরণের নাম নয়। আমরা এটিকে নারী স্বাবলম্বীকরণের একটি দৃশ্যমান, আদর্শিক ও কার্যকর প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। নারীদের প্রয়োজনীয় উপকরণ, দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, “প্রজেক্ট স্বপ্নসুতা” ভবিষ্যতে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নের একটি রোল মডেল হয়ে উঠবে। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে উপকারভোগী নারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং নতুন স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।

আরও খবর

Sponsered content