মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১২ মে ২০২৬ , ৯:২০:১০ প্রিন্ট সংস্করণ
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে নওগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীদের সেবায় তারা দিনরাত পরিশ্রম করেন। স্মার্ট বাংলাদেশ গড়তে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের কোনো বিকল্প নেই।”
নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ মো. আমজাদ হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক (নান্নু)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মুক্তার হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং ড্যাব ও বিএমএ জেলা সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন।
সভায় বক্তারা নার্সিং পেশার আধুনিকায়ন ও এ পেশায় নিয়োজিতদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পাবলিক হেলথ নার্স মোছা. আসমা খানম, রুমিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, নার্সিং সুপারভাইজার নাসিমা খাতুন এবং প্রাইম নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছা. সফুরা বেগম।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, রুমিয়া নার্সিং কলেজ ও প্রাইম নার্সিং ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক ও বিপুল সংখ্যক নার্সিং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




















