মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১৫ মে ২০২৬ , ১২:০১:৪৮ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ‘আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদরাসায়’ ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে মাদরাসার ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাকির আলী রাজশাহীর গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্য শিক্ষার্থীদের সামনেই শিশুটিকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন শিক্ষক সাকির আলী। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলেন। শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করলেও নির্যাতন থামাননি তিনি। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক সাকির আলীর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ ও মারধরের অভিযোগ ছিল। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।














