সারাদেশ

রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির সংবাদ সম্মেলন: অপপ্রচার বন্ধ ও তথ্য যাচাইয়ের আহ্বান

  মো. সাকিব চৌধুরী, রংপুর: ১৩ জুন ২০২৬ , ১২:১১:২৯ প্রিন্ট সংস্করণ

রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি তাদের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগ, কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইচআরএম অ্যান্ড ফাইন্যান্স বিভাগের মো. আব্দুর রশিদ খান, চিফ ব্রাঞ্চ অফিসার (সিবিও) বাবুরাম রায়, জেনারেল ম্যানেজার (জিএম) মোছা. সাবিনা ইয়াসমিন, প্রচার ও সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, জোনাল ম্যানেজার (জেডএম) মোছা. শাহিনুর বেগম, শাখা ব্যবস্থাপক মোছা. উম্মে কুলসুম এবং মাহিগঞ্জ শাখার এজেন্ট মো. বাবলু মিয়া।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য তারা প্রস্তুত রয়েছেন। প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে বিষয়টির মূল্যায়নের জন্যও তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content