লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৩ জুন ২০২৬ , ১২:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) ওয়ালিয়া ব্রিজ থেকে খলিসাডাঙ্গা অভিমুখে চলমান খননকাজ সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।
পরিদর্শনকালে প্রশাসনের প্রতিনিধি দল খালের খননকাজের গুণগত মান ও অগ্রগতি পর্যালোচনা করে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ওয়ালিয়া ইউনিয়নে চলমান খাল পুনঃখনন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। এখন পর্যন্ত কাজের মধ্যে কোনো ধরনের অনিয়মের তথ্য পাওয়া যায়নি। তবে কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।
প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি সরকারি খালের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ওয়ালিয়া ব্রিজ থেকে খলিসাডাঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার খাল এবং আড়বাব ইউনিয়নের চন্দনা খালের পুনঃখনন কাজ চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, খননকাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা সম্প্রসারিত হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।














