খেলাধুলা

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

  প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৩:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে জাতীয় ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোবোয়া বলেন, ‘সব খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ। সমালোচনা, অপমান এবং কঠিন সময় পার করেও তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পুরো দেশকে এই অসাধারণ আনন্দ উপহার দিয়েছে। আগামীকাল ছুটি।’

গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে বৃহস্পতিবার জার্মানির মুখোমুখি হয় ইকুয়েডর। এর আগে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র করায় নকআউটে যেতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আমেরিকার দলটির সামনে।

ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে ইকুয়েডর। তবে দারুণ প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নেয় তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উপস্থিত দর্শকদের পাশাপাশি দেশজুড়ে শুরু হয় উদযাপন।

আগেই গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করেছিল জার্মানি। অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করে আইভরি কোস্ট।

ইকুয়েডর গ্রুপের তৃতীয় স্থানে শেষ করলেও সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।

এর ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছালো ইকুয়েডর। এর আগে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে খেলেছিল লাতিন আমেরিকার দেশটি।

দীর্ঘ ২০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউটে পৌঁছানোয় দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আর সেই আনন্দ উদযাপনেই জাতীয় ছুটি ঘোষণা করেছে ইকুয়েডর সরকার।

আরও খবর

Sponsered content