সারাদেশ

ঝিকরগাছায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৩ আগস্ট ২০২৬ , ৫:৪৮:৫২ প্রিন্ট সংস্করণ

 

যশোরের ঝিকরগাছায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণীকে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দুই সন্তানের জনক হায়দার আলী (৪৫) ওই তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে তাঁকে অন্তঃসত্ত্বা করেন এবং পরে চাপ প্রয়োগ করে গর্ভপাত করান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা মন্দিরপাড়া গ্রামে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একটি বেসরকারি ক্লিনিকে গর্ভপাত করানোর জন্য ১ লাখ ২০ হাজার টাকার চুক্তি করা হয়। এর মধ্যে ৮০ হাজার টাকা বকেয়া থাকায় তা পরিশোধে অস্বীকৃতির জেরে বিষয়টি জানাজানি হয়। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

ভুক্তভোগীর মা মোছা. ছবিতা বেগম (৫৫) অভিযুক্ত হায়দার আলীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর তিন সন্তানের মধ্যে ভুক্তভোগী তরুণী ছাড়াও বড় ছেলেও বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানান তিনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ছবিতা বেগম বলেন, হায়দার তাঁর নিকটাত্মীয়। মেয়ের সরলতার সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটাবে, তা তিনি কখনো ভাবেননি। কিছুদিন আগে মেয়ের শারীরিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান। পরে বাঁকড়া বাজারের একতা মেডিকেল সার্ভিসে আল্ট্রাসনোগ্রাম করানো হলে চিকিৎসকরা জানান, তাঁর মেয়ে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা।

মায়ের দাবি, বিষয়টি মেয়েকে আকার-ইঙ্গিতে জানতে চাইলে সে হায়দার আলীর কথা বোঝানোর চেষ্টা করে। এরপর আশপাশের স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। একদিকে হায়দারের চাপ, অন্যদিকে সামাজিক লোকলজ্জার কারণে গর্ভপাত করাতে রাজি হন তিনি।

কাঁদতে কাঁদতে ছবিতা বেগম বলেন, “আমার কেউ নেই, বিচার চাওয়ার জায়গাও নেই। আপনাদের কাছে বিচার চাই।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগী সালমা বেগম সম্পর্কে অভিযুক্ত হায়দার আলীর চাচাতো বোনের মেয়ে। সেই হিসেবে হায়দার তাঁর মামা সম্পর্কের আত্মীয়।

রোববার (২৩ আগস্ট) সকালে সরেজমিনে দিগদানা মন্দিরপাড়া এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। চা দোকানি আমির আলী, প্রতিবেশী নজরুল ইসলাম, ভুক্তভোগীর খালা শাহিদা বেগম, খালু নজরুল ইসলাম, আবুল কালাম, জাকারিয়াসহ স্থানীয় অনেকে ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্তের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত হায়দার আলীর চাচাতো ভাই ইয়াকুব আলী বলেন, “সে আমার ভাই হলেও আমি অভিযুক্তের বিচার চাই। ও একটা অমানুষ। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।”

 

অভিযোগের বিষয়ে বাঁকড়া বাজারের একতা মেডিকেল সার্ভিসের পরিচালক আরিফ বিল্লাহর সঙ্গে কথা হলে তিনি জানান, গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে তাঁর ক্লিনিকে সালমা নামে এক রোগীর আল্ট্রাসনোগ্রাম করা হয়। কর্মরত গাইনি চিকিৎসক ডা. ফেরদৌস ফারজানা পরীক্ষাটি করেন। এতে রোগীকে চার মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা হিসেবে শনাক্ত করা হয়।

আরিফ বিল্লাহ দাবি করেন, রোগীর স্বামী না থাকায় তাঁদের ক্লিনিকে গর্ভপাত করানো সম্ভব নয় বলে জানানো হয়েছিল। রোগীর শারীরিক সুস্থতার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাঁকে বিদায় করা হয়। তাঁর ক্লিনিকের কেউ গর্ভপাতের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি।

তবে ভুক্তভোগীর মায়ের অভিযোগ, একতা মেডিকেল সার্ভিসে কর্মরত নার্স খাদিজা বেগম পরে তাঁকে ও তাঁর মেয়েকে শার্শা উপজেলার বাগআঁচড়ার পার্শ্ববর্তী সাতমাইল বাজারের ‘মাতৃসেবা’ ক্লিনিকে নিয়ে যান। সেখানে অর্থের বিনিময়ে ভুক্তভোগীর গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে ‘মাতৃসেবা’ ক্লিনিকের পরিচালক নাসরিন সুলতানা তা অস্বীকার করেন। তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তাঁর চেম্বারে রাখা নেমপ্লেটে নামের আগে ‘ডা.’ লেখা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

 

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান বলেন, একজন অসহায় প্রতিবন্ধী তরুণীর প্রতি এমন জঘন্য ও পৈশাচিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তদন্ত ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

আরও খবর

Sponsered content