প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৬ , ৯:৫৫:৩০ প্রিন্ট সংস্করণ
স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার এবং বার্সেলোনা ও চেলসির সাবেক উইঙ্গার পেদ্রো রদ্রিগেস ৩৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত মৌসুম শেষে ইতালির ক্লাব লাৎসিও ছাড়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন এই তারকা। অবশেষে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগ জয়সহ বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি ভিডিও প্রকাশ করে পেদ্রো লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, এখনই সেই মুহূর্ত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে এবার সামনে এগিয়ে যাওয়ার সময়। নিজের স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যারা আমার পাশে ছিলেন, তাদের সবাইকে নিয়ে আমি গর্বিত। ফুটবল, আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
তিনেরিফেতে জন্ম নেওয়া পেদ্রো ২০০৫ সালে সান ইসিদ্রো থেকে কিশোর বয়সে বার্সেলোনায় যোগ দিয়ে স্পেনের মূল ভূখণ্ডে পাড়ি জমান। বার্সেলোনা ‘সি’ ও ‘বি’ দলে কয়েক মৌসুম খেলার পর ২০০৮ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার।
বার্সেলোনার হয়ে পেদ্রো মোট ৩২১ ম্যাচ খেলেছেন এবং করেছেন ৯৯ গোল। এই সময়ে পাঁচবার লা লিগা ও তিনবার চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন পেদ্রো। জাতীয় দলের জার্সিতে ৬৫ ম্যাচ খেলার পর ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।
২০১৫ সালে বার্সেলোনা ছাড়ার পর ইংল্যান্ডের ক্লাব চেলসিতে পাঁচ মৌসুম কাটান পেদ্রো। দলটির হয়ে ২০৬ ম্যাচ খেলে ৪৩ গোল করেন। ২০১৭ সালে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জেতেন তিনি।
এরপর ২০২০ সালে এক মৌসুমের জন্য রোমায় যোগ দেন পেদ্রো। সেখান থেকে লাৎসিওতে গিয়ে শেষ করেন বর্ণাঢ্য ক্যারিয়ার।
ক্যারিয়ারের শেষ সময়ে বয়স ৩৯ হলেও রোমাভিত্তিক ক্লাবটিতে দারুণ সফল ছিলেন পেদ্রো। পাঁচ বছরে লাৎসিওর হয়ে ২০৯ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।





















