রাজনীতি

সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নিপুণ রায় চৌধুরী

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৩:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

আজ শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া দক্ষিণপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও দুর্গামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

বিএনপি এই নেত্রী বলেন, সমাজের প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কেউ যেন ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। পূজার উপহারসামগ্রী বিতরণের মতো উদ্যোগ মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির প্রকাশ ঘটায়। সমাজের সব সম্প্রদায়ের মানুষ যেন সমান সুযোগ পান, সে জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

নিপুণ রায় চৌধুরী বলেন, প্রতিহিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন কোনো অন্যায় বা ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ এক। আমরা সবাই বাংলাদেশকে ধারণ করি। আমাদের সবার স্লোগান- সবার আগে বাংলাদেশ।’

এ সময় কেরানীগঞ্জে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান নিপুণ রায় চৌধুরী।

আরও খবর

Sponsered content