নওগাঁ প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২৬ , ১২:০১:১৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে ১৭ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রী লিলাবাজারসংলগ্ন তানইল গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা। সে স্থানীয় লালপুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভালাইন ইউনিয়নের বেজোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এনামুল সরদার (৩২) এবং বৈদ্যপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল আলিম ওরফে ভুট্টু (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিপূজা উপলক্ষে সোমবার সকালে ওই স্কুলছাত্রীর মা ও ভাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মামার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ওই ছাত্রী ও তার বাবা ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাবা বাজার করতে নীলা বাজারে গেলে ছাত্রী নিজ শয়নকক্ষে একা টেলিভিশন দেখছিল।
এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এনামুল ও আব্দুল আলিম ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, এনামুল ওই ছাত্রীর মুখ চেপে ধরে বিছানায় শুইয়ে ফেলেন। অন্যদিকে আব্দুল আলিম তার পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন।
এ ঘটনায় ১০ নভেম্বর মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৬)-এর ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।





















