কক্সবাজার প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ১০:১১:০০ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে গভীর বনাঞ্চলে আহত অবস্থায় ঘুরে বেড়ানো একটি বন্যহাতির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের বনে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় হাতিটির ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ডান পায়ে গুরুতর আঘাত নিয়ে গত এক সপ্তাহ ধরে বনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরছিল হাতিটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) ড্রোনের সহায়তায় এর অবস্থান শনাক্ত করা হয়। পরে ট্রাংকুলাইজার গান (চেতনাশক ছুড়ে অচেতন করার যন্ত্র) ব্যবহার করে হাতিটিকে অচেতন করে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল চিকিৎসা দেয়। এ সময় এর পায়ে দুটি এবং শরীরের বিভিন্ন স্থানে আরও ছয়টি গুলির ক্ষত শনাক্ত হয়।
টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানবপাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে বন কর্মীদের সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুল শরীফ জানান, ওই পাহাড়ি অঞ্চলে মানবপাচারকারী ও সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির বিচরণে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায় তারা হাতিটিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে থাকতে পারে।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) ভোরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্কসংলগ্ন এলাকায় হাতিটিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, আহত হাতিটির সঙ্গে একটি সুস্থ হাতিও রয়েছে। গত তিন দিন ধরে সঙ্গী হাতিটি আহত হাতিটিকে ছেড়ে যায়নি; বরং ধীরগতিতে চলার সময় পাশে থেকে তাকে সহযোগিতা করছে।
উল্লেখ্য, টেকনাফের হ্নীলা ও বাহারছড়ার দুর্গম পাহাড়ে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় অপহরণ, মানবপাচার ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।





















