সারাদেশ

কুয়াকাটায় রাস উৎসব শুরু আজ, ভোরে সমুদ্রে পুণ্যস্নান

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ৫:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে মূল ধর্মীয় আয়োজন সম্পন্ন হবে। উৎসব ঘিরে কুয়াকাটায় পুণ্যার্থী ও পর্যটকদের সমাগমের প্রস্তুতি চলছে।

এ উপলক্ষে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে। তৈরি করা হয়েছে ১৭ জোড়া প্রতিমা।

রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মণ্ডল বলেন, রাধাকৃষ্ণের পূজা, গঙ্গাস্নান, গীতাপাঠ, কীর্তন ও সন্ধ্যারতিসহ বিভিন্ন ধর্মীয় আচারের মধ্য দিয়ে এবারের রাস উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভোরে সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে মূল ধর্মীয় পর্ব শেষ হলেও রাসমেলা চলবে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ধর্মীয় এই আয়োজনকে ঘিরে হোটেল-মোটেলসহ পর্যটননির্ভর ১৬টি খাতের ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন। গত বছরের তুলনায় এবার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক নাজমুল হাসান বলেন, পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, উৎসব নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও এসআরবি সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমও গঠন করা হয়েছে।

আরও খবর

Sponsered content