নওগাঁ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৫:৫৩:০৬ প্রিন্ট সংস্করণ
উত্তরের জেলা নওগাঁয় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৭৫ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। জেলার ১১টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে এই সার ও বীজ সহায়তা পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। জেলার ৭৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির জন্য ৭৫ হাজার কেজি সরিষা বীজ এবং ১৫ লাখ কেজি ডিএপি ও এমওপি সার বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য এক কেজি সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুসেইন মুহম্মদ এরশাদ। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে জেলায় প্রণোদনা বিতরণ কার্যক্রম শেষ হবে। চলতি মৌসুমে জেলায় ৫৮ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রণোদনার ফলে আবাদ ও উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি।















