বরিশাল প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৩:১৯:৫৯ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের নুরের মদিনা মসজিদের পাশের এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপপরিদর্শক (এসআই) মাসুদ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনাস্থলে যায়। পরে মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কারা ও কী উদ্দেশ্যে বোমা দুটি রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





















