নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৬ , ৩:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকার ৫/সি সড়কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়মনীতি ও নির্মাণবিধি না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ৫/সি সড়কের জ-১৫৩ নম্বর হোল্ডিংয়ের ভবনটি নির্মাণে নির্ধারিত জায়গা না ছাড়ায় চলাচলের পথ সরু হয়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
ভবনের চারপাশে নির্ধারিত জায়গা ছাড়ার (সেটব্যাক) নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, সড়কের জন্য নির্ধারিত অংশের কাছাকাছি সীমানা প্রাচীর ও দেয়াল তোলা হয়েছে।
ভবনটির নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও নিচতলা ও ওপরের কয়েকটি তলায় ভাড়াটে ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এতে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিরাপত্তা বেষ্টনী না থাকায় ওপর থেকে নির্মাণসামগ্রী পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া ভবনের ছাদ থেকে পানি উপচে বা বৃষ্টির পানি পাশের বাড়ি ও গলিতে গড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটির নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা নেই। অভিযোগ রয়েছে, পয়ঃনিষ্কাশনের পাইপ পাশের বাড়ির ড্রেনে যুক্ত করায় বৃষ্টিতে গলিতে জলাবদ্ধতা হচ্ছে। পাশাপাশি ভবনের জানালা দিয়ে ময়লা-আবর্জনা ফেলায় গলিতে আবর্জনা জমছে এবং মশার উপদ্রব বাড়ছে বলে দাবি করেছেন বাসিন্দারা।
অভিযোগের বিষয়ে ভবনের মালিক লতিফ হোসেন দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই ভবন নির্মাণ করছেন। তবে রাজউকের অনুমোদিত নকশা তিনি দেখাননি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা থেকে ওই সম্পত্তির বিপরীতে ঋণ নেওয়া হয়েছিল এবং কিস্তি পরিশোধ না করায় সম্প্রতি ভবনটিতে ব্যাংকের নোটিশ টানানো হয়েছে। ঋণ ও নকশা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজউকের সংশ্লিষ্ট জোনের অথোরাইজড অফিসার জানান, মহাখালীর ৫/সি সড়কের ভবনটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। নকশার ব্যত্যয় বা রাস্তার জায়গা দখল করে নির্মাণের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পরিদর্শক পাঠিয়ে সরেজমিনে যাচাই করা হবে এবং অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগর পরিকল্পনাবিদ এম. আমানুল্লাহ বলেন, নিরাপত্তা বেষ্টনী ছাড়া নির্মাণকাজ ঝুঁকিপূর্ণ। অনুমোদনহীন বাণিজ্যিক ব্যবহার এবং অপরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা শহরের পরিবেশ ও বাসযোগ্যতায় প্রভাব ফেলে। এ বিষয়ে কার্যকর তদারকির আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিদর্শন ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





















