প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১:০৬:০১ প্রিন্ট সংস্করণ
মারাত্মক ইবোলা প্রাদুর্ভাবের কারণে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি কঙ্গো দল বিশ্বকাপে অংশ নিতে পারবে।’
ইবোলার ভয়াবহ সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি এমন সিদ্ধান্ত নেয় যে, গত ২১ দিনের মধ্যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করা অ-আমেরিকান নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
তবে ওই কর্মকর্তা জানান, এই তিন দেশের মধ্যে শুধু কঙ্গোই ফুটবলের সবচেয়ে বড় আসরের জন্য যোগ্যতা অর্জন করেছে। এছাড়া দলটি ইতোমধ্যেই ইউরোপে অনুশীলন করছিল, তাই তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর নাও হতে পারে।
তবে যদি গত ২১ দিনের মধ্যে তারা কঙ্গোতে অবস্থান করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রে ফেরা মার্কিন নাগরিকদের মতো কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও বিচ্ছিন্ন অবস্থায় পর্যবেক্ষণের নিয়ম মানতে হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি তাদেরকে একই ধরনের পরীক্ষা ও বিচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনতে, যেটি আমেরিকান নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য।’
তবে এই বিশেষ ছাড় সাধারণ সমর্থকদের জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ, কঙ্গো থেকে আসা সাধারণ দর্শকরা শুধু দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
আগামী ১৭ জুন টেক্সাসে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র।














