প্রচ্ছদ

জাকেরের ক্যাচ ছেড়ে দিয়ে ক্ষমা চাইলেন রোহিত

  স্পোর্টস ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান জাকের আলির ক্যাচ ছেড়ে দিয়ে মাঠেই হাতজোড় করে ক্ষমা চাইলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ইনিংসের ৮.৪ ওভারে অক্ষর প্যাটেলের বল জাকের আলির ব্যাটের কানায় লেগে স্লিপে উড়ে যায়। সহজ ক্যাচ ধরতে পারেননি রোহিত। ক্যাচ মিস করে রোহিত রীতিমতো অনুতপ্ত ছিলেন। তিনি মাটিতে হাত ঠুকে নিজের হতাশাও প্রকাশ করেন।

সেই ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন অক্ষর প্যাটেল। জাকের আলির সহজ ক্যাচটি নিতে পারলে হ্যাটট্রিক হতো অক্ষরের। কিন্তু রোহিত ক্যাচ ধরতে পারেননি। তার হাত থেকে পড়ে যায় বল। রোহিত সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কত বড় ভুল করে ফেলেছেন। মাটিতে চাপড় মারতে থাকেন তিনি হতাশায়। পরে উঠে দাঁড়িয়ে অক্ষরের কাছে হাত জোড় করে ক্ষমা চান।

এর আগে বিভিন্ন সময় ফিল্ডাররা ভুল করলে রোহিত তাদের তিরস্কার করেছেন। ম্যাচের সময় কেউ মনোযোগ হারালেও রেগে যান রোহিত। স্টাম্প মাইকে তার সেই চিৎকার শোনা যায় মাঝে মাঝেই। কেউ সহজ ক্যাচ ফস্কালেও হতাশা গোপন করেন না রোহিত।

বৃহস্পতিবার তিনি নিজেই বড় ভুল করে ফেলেন। ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ বেকায়দায় পড়ে গিয়েছিল। রোহিত ক্যাচটি নিতে পারলে আরও বিপাকে পড়ত বাংলাদেশ। কিন্তু সেটা সম্ভব হয়নি।

শুধু রোহিত নন, বৃহস্পতিবার দুবাইয়ে ক্যাচ ফেলেন হার্দিক পান্ডিয়াও। নিজের ভুলের কথা মাথায় রেখে হার্দিক ক্যাচ ফেলায় খুব বেশি হতাশা দেখাননি অধিনায়ক। উইকেটরক্ষক লোকেশ রাহুল স্টাম্প করার সুযোগ নষ্ট করেন। দুবাইয়ে ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় টাইগাররা। স্কোর বোর্ডে ৩৫ রান জমা করতেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৫ ব্যাটসম্যান।

দলের যখন নড়েবড়ে অবস্থা তখন দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। ইতোমধ্যে তারা ২০২ বলে ১৪৮ রানের জুটি গড়েছেন।

এমআই

আরও খবর

Sponsered content