প্রচ্ছদ

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪১

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪৪:২৮ প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে তাবাসকো রাজ্য সরকার একথা জানিয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরবর্তী সময়ে তোলা ছবিতে দেখা যায়, বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

সিএনএন সূত্রে জানা গেছে, বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্যুর’স আকোস্টা জানিয়েছে, বাসটি ক্যানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। পথে এটি একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেইলার ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর তাদের মধ্যে ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন।

ঘটনার জন্য ট্যুর’স আকোস্টা গভীর দুঃখ প্রকাশ করে বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। তবে তাদের দাবি, বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়ে গেছে।

নাম না প্রকাশ করার শর্তে তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখোঁজ রয়েছে।

আরও খবর

Sponsered content