স্টাফ রিপোর্টার, বগুড়া: ৩ মার্চ ২০২৬ , ১০:৫০:৪২ প্রিন্ট সংস্করণ
বগুড়ার যমুনা নদী বিধৌত সারিয়াকান্দি উপজেলা ও সোনাতলা উপজেলা অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন এবং জনকল্যাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) জগলুল আহসান। বক্তব্যে তিনি সমাজ গঠনে সাংবাদিক ও শিক্ষকদের অপরিহার্যতার কথা তুলে ধরে বলেন, “একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষক এবং সমাজের দর্পণ হলো সাংবাদিক। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এই দুটি শ্রেণিই সবচেয়ে বেশি অবহেলিত। তবে সকল প্রতিকূলতা সত্ত্বেও সাংবাদিকদের আদর্শচ্যুত হওয়া যাবে না। নীতিতে অটল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সারিয়াকান্দি ও সোনাতলার মতো অবহেলিত জনপদের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।”
সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— অ্যাডভোকেট সদরুল আনাম রঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপুল, ক্লাবের সহ-সভাপতি মতিউর রহমান মতি, বগুড়া জেলা যুব শক্তির সভাপতি মহিদ-উল-নবী মিশু, যুগ্ম সদস্য সচিব সাজ্জাতুল মনোয়ার সজিব, উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সহ-সভাপতি ইমরান হোসেন রুবেল ও মাইনুল হাসান মজনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উল্লেখ করা হয়, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে কর্নেল (অব.) জগলুল আহসান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লক্ষ টাকার একটি চেক অনুদান হিসেবে ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন।




















