আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ১২:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর বাজার, স্কুল ও হাসপাতালের আশপাশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিধন কর্মসূচির অংশ হিসেবে এবং মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পরামর্শ ও সহযোগিতায় এ অভিযানের আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী এবং রত্নদিশারি সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান সরদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব, ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, যুবদল নেতা কাঞ্চন ভূঁইয়া এবং বাকাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা।
অভিযান চলাকালে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন আয়োজকেরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে রত্নপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।





















