সারাদেশ

গাজীপুর মহানগরীর ৫৬নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী এম মঞ্জুর করিম রনির পক্ষে ব্যাপক গণসংযোগ

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০১:০১ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগরীর ৫৬নং ওয়ার্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ওয়ার্ডের মধুমিতা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক, প্রধান সড়কসংলগ্ন দোকানপাট, বাসাবাড়ি ও অলিগলিতে এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থী এম মঞ্জুর করিম রনিকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নেওয়া হবে। দেশের চলমান সংকট উত্তরণে বিএনপির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

গণসংযোগে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি কবির গাজী, সাবেক সহ ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন, মহানগর তাঁতি দলের সাবেক সদস্য কামাল আহমেদ, মহানগর জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মুরাদ, টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতা শাহজাহান সরকার এবং পশ্চিম থানা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিন্দা বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেক ভোটার নেতৃবৃন্দের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ জানান, গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে এবং জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।

আরও খবর

Sponsered content