বিনোদন

গোপনে বিয়ে নিয়ে আলোচনায় টম হল্যান্ড-জেনডায়া

  প্রতিনিধি ১৮ জুন ২০২৬ , ১:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড এবং জেন্ডায়া বিয়ে নিয়ে জল্পনা বহুদিনের। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন টম নিজেই। এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানিয়ে দিয়েছেন, তাদের বিয়ে হয়ে গিয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান হওয়ার পর থেকেই এই তারকা যুগলের বিয়েকে ঘিরে নানা গুঞ্জন চলছিল। ২০২৬ সালের মার্চে জেনডায়ার স্টাইলিস্ট ল’ রোচ একটি সাক্ষাৎকারে বলেন, ‘বিয়ে হয়ে গেছে, আপনারা মিস করেছেন’এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়। জেনডায়াও জিমি কিমেল শোতে তার নতুন চলচ্চিত্র ‘দ্য ড্রামা’ নিয়ে কথা বলার সময় বিষয়টি নিয়ে সরাসরি অস্বীকার না করে আরও রহস্য বাড়ান।

এদিকে এসকোয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে টম হল্যান্ড সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া এআই-নির্মিত বিয়ের ছবির প্রসঙ্গ তোলেন। তিনি জানান, এসব ছবি দেখে তার দাদি কিছুটা বিরক্ত হয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

পরিবারের অন্য সদস্যদের আমন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হলে টম বলেন, ‘না, কারণ তারা সবাই উপস্থিত ছিল।’ এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে টম হল্যান্ড বলেন, কাজের চাপের মধ্যে এমন একজন সঙ্গী পাওয়া তার জন্য বড় ভরসা। তিনি বলেন, ‘আমাদের পেশাগত জীবন অনেক সময় খুব চাপের হয়। এমন একজন জীবনসঙ্গী থাকা সত্যিই সৌভাগ্যের, যিনি সব পরিস্থিতিতে পাশে থাকেন।’

তিনি আরও বলেন, ‘সে আমার সবচেয়ে ভালো বন্ধু। তার সঙ্গে থাকলে আমি জীবনের সবচেয়ে সুখী অনুভব করি। আমি কখনও এতটা নিরাপদ ও সমর্থিত অনুভব করিনি।’

তিনি জানান, তাদের সম্পর্ক এতটাই শক্তিশালী কারণ তারা একে অপরের পেশাগত জীবনের চাপ ও বাস্তবতা খুব ভালোভাবে বোঝেন।

আগামী জুলাই মাসের শেষে টম হল্যান্ড অভিনীত নতুন স্পাইডার-ম্যান চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পাবে, যা একটি নতুন ট্রিলজির প্রথম ছবি বলে ধারণা করা হচ্ছে। টম ও জেনডায়া প্রথম একসঙ্গে কাজ করেন ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার অডিশনের সময় থেকেই।