মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ১৪ জানুয়ারি ২০২৬ , ১:০৩:২০ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২১৯/২৯-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা সবাই বাংলাদেশের খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতরা গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। সেখানে পুলিশ তাদের আটক করে আগ্রা জেলা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ করান। কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে বিএসএফের ১২ ব্যাটালিয়নের অধীনস্থ টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে বিজিবি তাদের আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় সোপর্দ করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, বিজিবি কর্তৃক আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে।




















