সারাদেশ

চট্টগ্রামে কাভার্ডভ্যান থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

  আবু হানিফ রানা, চট্টগ্রাম ব্যুরো: ১৭ মে ২০২৬ , ৯:৩৯:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিএমপি ডিবি পশ্চিম বিভাগ।

শনিবার ভোরে সেতুর টোল প্লাজার ওজন স্কেল সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম বিভাগের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ঢাকা মেট্রো-ট ১২-৮৬০৭ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী এলাকার মো. রাসেল (২৭) ও আমানুল্লাহ আমান (২৮)। তাদের মধ্যে রাসেল কাভার্ডভ্যানের চালক এবং আমান হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content