মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি : ১১ মে ২০২৬ , ১২:৩০:২৭ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর চারঘাটে নিখোঁজ স্কুলছাত্রী মোসা. উমাইয়া বুশরা (১৪) নিখোঁজের ১১ দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় তদন্তে গড়িমসি, অসহযোগিতা ও অর্থ দাবির অভিযোগ তুলে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন ছাত্রীর বাবা-মা।
রোববার সকালে তারা যৌথ স্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন।
নিখোঁজ উমাইয়া বুশরা চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে এবং নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বুশরা। এ ঘটনায় চারঘাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯১) করা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুশরার বাবা-মায়ের অভিযোগ, তদন্তের একপর্যায়ে মামলা গ্রহণ ও কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়ে পুলিশের এক সদস্য তাদের কাছ থেকে অর্থ নেন। কিন্তু পরে কোনো সহযোগিতা না করে উল্টো অভিযুক্তদের সঙ্গে সমঝোতার জন্য চাপ দেওয়া হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সূত্রে পরিবার জানতে পারে, এক যুবকের সঙ্গে বুশরাকে দেখা গেছে। একপর্যায়ে পরিবারের সদস্যরা মেয়েকে সামনাসামনি দেখলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালীর উপস্থিতিতে তাকে ফিরিয়ে আনতে পারেননি। পরে সেখান থেকে আবারও বুশরাকে সরিয়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের।
বুশরার মা সেলেনা বেগম বলেন, “প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আতঙ্কের। মেয়েটি কোথায় আছে, কেমন আছে, নিরাপদে আছে কিনা—কিছুই জানি না।”
পরিবারের দাবি, দ্রুত উমাইয়া বুশরাকে উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অর্থ দাবির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আবেদনপত্রের অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এবং চারঘাট মডেল থানার ওসির কাছেও পাঠানো হয়েছে।
এদিকে, স্কুলছাত্রী নিখোঁজের এ ঘটনা এবং তদন্তে গড়িমসির অভিযোগ এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা সন্তানের নিরাপদ উদ্ধারে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।




















