সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ৩১ ডিসেম্বর ২০২৫ , ১১:১৪:১৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা পৌরসভায় জনবান্ধব ও মানবিক প্রশাসকের প্রতীক হিসেবে পরিচিত আরিফুল ইসলাম সরদার। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পৌর প্রশাসক হিসেবে কাজ করছেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে। জনপ্রতিনিধি না হয়েও তিনি পৌরবাসীর কাছে জনপ্রিয় ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
প্রাত্যহিকভাবে সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি দাপ্তরিক কাজের পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি ও বাস্তবায়ন করছেন। বিশেষত জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, কালভার্ট নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদসহ নানা কার্যক্রমে তার ভূমিকা প্রশংসনীয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে সরকারি বরাদ্দ দ্রুত জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। অসহায় ও দুঃস্থদের জন্য নিয়মিত সহায়তা প্রদান, মসজিদ, মন্দির ও মাদরাসায় সাহায্য, জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সেবা—এসব কর্মকাণ্ডে তিনি বিশেষ নজর দিয়েছেন।
পৌর প্রশাসক সরদার নিজ বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের উন্নয়নমূলক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই আমার কাজ। জনগণের সেবক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেত্রকোনা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি এবং পৌরসভার উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য আমি পৌরবাসীর সহযোগিতা চাই।”
স্থানীয়রা বলছেন, তাঁর কার্যক্রমে পৌরসভায় প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং জনসেবা, স্বচ্ছতা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তিনি আদর্শ পৌর প্রশাসকের পরিচয় তৈরি করেছেন।




















