সারাদেশ

টঙ্গীতে মা-মেয়েকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  গাজীপুর প্রতিনিধি: ১৯ জুন ২০২৬ , ১২:৫৪:০১ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে মা ও মেয়েকে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিল্পী বেগম (৪২) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দত্তপাড়া এলাকার মো. শুকুর আলী, মো. সোহান, মো. সেলিম মিয়া, মো. বাবুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন রাতে শিল্পী বেগমের মেয়ে ও স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার অনি কোচিং শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের একজন তার পথরোধ করেন। এ সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা পরিবারটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ জুন রাত সাড়ে ১০টার দিকে শিল্পী বেগম ও তার মেয়ে বাসার সামনে অবস্থানকালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় শিল্পী বেগমকে মারধর করে তার গলায় থাকা আরেকটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মারধরের ঘটনায় আহত শিল্পী বেগম টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content