অপরাধ

নওগাঁর পত্নীতলায় ৭০ বোতল মাদকসহ যুবক আটক, ইজিবাইক জব্দ

  নওগাঁ প্রতিনিধিঃ ১৩ এপ্রিল ২০২৬ , ৬:৩৫:০১ প্রিন্ট সংস্করণ

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ‘ইস্কাফ’ সিরাপসহ মো. ফিরোজ কামাল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
আটক ফিরোজ কামাল নওগাঁর সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মো. মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে গুপিনগর মোড়ে অভিযান চালানো হয়। এসময় ফিরোজ কামালের ইজিবাইক তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content