প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ২:১১:০৫ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পওয়ার পর ঢাকার আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত বছরের ২৫ জুন মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার হয়। পরদিন নির্বাচন নিয়ে করা রাষ্ট্রদ্রোহের মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত বছর ২৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৯ সেপ্টেম্বর এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় ছিলেন। ঠিক ওই সময় গত ২৮ সেপ্টেম্বর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান।
এদিন শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। হাবিবুল আউয়ালের পক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এরপর কাকে কারাগারে পাঠানো হয়।
আইনজীবী তাপস চন্দ্র দাস বলেন, হাবিবুল আউয়ালের বিরুদ্ধে একটি মামলাই ছিল। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। জামিননামা জমা দিলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।





















