শিক্ষা ও শিক্ষাঙ্গন

নবীনদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে জবিতে ছাত্রদলের র‍্যাগিংবিরোধী কর্মসূচি

  জবি প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ১১:৩৮:৪২ প্রিন্ট সংস্করণ

 

নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১০ মে) সকাল থেকে যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাগিংবিরোধী পোস্টার টাঙানো, প্রচারণা এবং শিক্ষার্থীদের সচেতন করার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন বিভাগের সামনে “র‍্যাগিংকে না বলুন” স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের যেকোনো ধরনের হয়রানি বা র‍্যাগিংয়ের ঘটনা হলে প্রশাসন ও দায়িত্বশীলদের জানাতে অনুরোধ জানানো হয়।

কর্মসূচিতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের স্থান। এখানে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই। নবীন শিক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিকর পরিবেশে শিক্ষাজীবন শুরু করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “যদি কেউ র‍্যাগিং বা মানসিক হয়রানির সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক।”

এ কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা নবীনদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও খবর

Sponsered content