প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৮:৩৪:৫৯ প্রিন্ট সংস্করণ
পাওনা টাকা ফেরত চেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও জনপ্রিয় সিনেমা ‘দুই নয়নের আলো’র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এবং তার স্ত্রী জুথী আক্তারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে টাকা না ফেরত দিলে পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) ঢাকার জজ কোর্টের আইনজীবী মবিনুল ইসলামের মাধ্যমে ডাকযোগে এই নোটিশটি পাঠায় ভুক্তভোগী।
নোটিশে বলা হয়, গত ২২ জুন, মেহেদী হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে ঋণ গ্রহণ করেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিলো এই টাকা ১০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হবে। কিন্তু নির্ধারিত তারিখ অতিবাহিত হলেও তিনি কোনও অর্থ পরিশোধ করেননি।
ভুক্তভোগীর দাবি, টাকা পরিশোধের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বারবার পরিচালক মানিকের সাথে যোগাযোগ করেন। কিন্তু একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। মানিকের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়, যা নিয়ে ভুক্তভোগীর সন্দেহ ও ক্ষোভ আরও বাড়ে। নোটিশে উল্লেখ করা হয়েছে, পরিচালক ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেছেন।
নোটিশে আরও বলা হয়, দুই পক্ষের মাঝে যে লিখিত স্ট্যাম্প চুক্তি হয়েছে- তাতে অর্থগ্রহণের দিন, পরিশোধের নির্ধারিত তারিখ এবং উভয় পক্ষের স্বাক্ষর স্পষ্টভাবে রয়েছে। ভুক্তভোগী মেহেদী হাসানের দাবি, এর ভিত্তিতে অর্থ আদায় বৈধ পাওনা, যা পরিশোধ না করায় তিনি আইনি পথে যেতে বাধ্য হয়েছেন।














