সারাদেশ

বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে প্রথম শ্রীপুরের সাকিন বিশ্বাস

  মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি: ১০ জুন ২০২৬ , ২:৩১:৪৪ প্রিন্ট সংস্করণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মাগুরার শ্রীপুর উপজেলার কৃতী শিক্ষার্থী মো. সাকিন বিশ্বাস।

সে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং কল্যাণপুর গ্রামের বাসিন্দা মো. সামাদ বিশ্বাসের ছেলে।

সাকিনের এ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

সাকিনের বাবা মো. সামাদ বিশ্বাস বলেন, “ছেলের এমন অর্জন আমি কল্পনাও করিনি। প্রথমে আমরা তাকে বিভাগীয় পর্যায়ে পাঠাতে আগ্রহী ছিলাম না। উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে পাঠাই। আজ তার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত।”

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, “সাকিন আমাদের বিদ্যালয়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফেও সে সমান দক্ষ। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা আনন্দিত ও গর্বিত।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, “শুরু থেকেই আমি সাকিনের খোঁজখবর রেখেছি। পরিবারের অনাগ্রহ থাকা সত্ত্বেও তাদের রাজি করিয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছিল। এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্যও পরিবারকে উৎসাহিত করা হচ্ছে। আমরা তার সার্বিক সহযোগিতা করছি এবং আশা করছি জাতীয় পর্যায়েও সে ভালো ফলাফল করবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, সাকিনের এই সাফল্য শ্রীপুর উপজেলার ক্রীড়া অঙ্গনের জন্য একটি গর্বের অর্জন এবং অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content