কুড়িগ্রাম প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৬ , ১:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার ৯৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি তদারকির বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা বক্তব্য দেন।
সভায় ইউএনও অমৃত দেব নাথ জানান, উপজেলার ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। প্রতিটি মণ্ডপের কার্যক্রম তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র, আইপি ও সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পূজার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, এ বছর প্রতিটি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ হিসেবে ৬০০ কেজি করে চাল দেওয়া হবে। গত বছর এ বরাদ্দ ছিল ৫০০ কেজি। বরাদ্দ বৃদ্ধির ফলে পূজা উদযাপনে সংশ্লিষ্ট মণ্ডপগুলোর সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব কার্তিক চন্দ্র রায় এবং স্বর্গীয় হীরালাল দেব মন্দিরের সভাপতি নিতাই চন্দ্র সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।





















