মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৬ , ২:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে শত শত কৃষকের কলা, আনারস, পেঁপে ও বিভিন্ন সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চলে হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন ফসলের বাগান।
জানা গেছে, উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান।
কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগের পর যখন ফসল ঘরে তোলার সময় এসেছে, ঠিক তখনই আকস্মিক ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।
হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক পুঁজি তিনি আনারস ও কলাবাগানে বিনিয়োগ করেছেন। আকস্মিক এই ঝড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে।
কৃষকরা জানান, কলাগাছ ভেঙে যাওয়া কিংবা ফসলের বাগান নষ্ট হওয়া শুধু কৃষিপণ্যের ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের পরিবারের জীবিকা ও ভবিষ্যতের স্বপ্ন। ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি সহায়তার মাধ্যমে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন।





















