তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৪:২১:২৯ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৭ পিস ইয়াবা, ৩৮ বোতল ভারতীয় মদ, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ইমিটেশন সামগ্রী ও কীটনাশকসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাহাবুব মিয়ার কলাবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই স্থান থেকে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
এ ছাড়া বুধবার রাত ৩টা ১০ মিনিটে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামের হানিফের আমবাগানে অভিযান চালায় বিজিবি। হাবিলদার পিযুশ কান্তি করের নেতৃত্বে এ অভিযানে ১ হাজার ৫৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ৩টা ১৫ মিনিটে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের কলাবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. ভুঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়।
এদিকে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৭/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের গোয়ালপাড়ায় সলেমানের পেয়ারা বাগানে অভিযান চালানো হয়। সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুটি বোতল ভারতীয় কীটনাশক ও এক প্যাকেট চকলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া বুধবার সকাল ৭টা ১০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলম মিয়ার আমবাগানে অভিযান চালায় বিজিবি। হাবিলদার পারকার সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানে উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালান পণ্যের ঘটনায় কাউকে আটক করা যায়নি।





















