সারাদেশ

রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তৈমুর হোসেন আর নেই

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১২:০৩:৫১ প্রিন্ট সংস্করণ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জেলা কমিটির সদস্য তৈমুর হোসেন (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন।

তৈমুর হোসেন রাণীশংকৈল ক্ষুদ্র বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং কুলিক নাট্য সংস্থা ও বৈশাখী মেলার উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। পরে তাঁকে পাঁচপীর কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টিসহ নানা সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আরও খবর

Sponsered content