প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ২:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কাজ শুরু হয়েছে, আশাকরি খুব ভালোভাবে কাজ শেষ হবে। এ ছাড়া বাগেরহাটে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পর্যায়ক্রমে সব সড়কের কাজ করা হবে। সরকার জনগণের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।
আজ সোমবার দুপুরে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত সড়ক পুননির্মাণ ও সংস্কার কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কাজ শুরু হয়েছে, আশাকরি খুব ভালভাবে কাজ শেষ হবে। এছাড়া বাগেরহাটে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পর্যায়ক্রমে সব সড়কের কাজ করা হবে। সরকার জনগণের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। নামফলক উন্মোচন শেষে কাজের সফলতা কামনা করে নিজেই মোনাজাত করেন মন্ত্রী শেখ রবিউল আলম।
বাগেরহাট দশানী রামপাল মোংলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের কাজ ৪টি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। দশানী থেকে হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সরকের কাজ ঠিকাদারির গাফিলতীতে দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি পুরোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে সড়ক বিভাগ। মাফুজ খান লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৭২ কোটি ৯৮ লাখ টাকায় এই কাজ করছেন। ২০২৭ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।





















