বরুণ ব্যানার্জী , সাতক্ষীরা ৯ এপ্রিল ২০২৬ , ১১:২০:৫২ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাপের কামড়ে আবুল কাশেম (৪৫) নামে এক মৌয়ালী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন ফিরিঙ্গি নদীর মোল্লাখালি খাল এলাকায় মধু সংগ্রহের সময় তিনি সাপের কামড়ে আক্রান্ত হন। খবর পেয়ে বন বিভাগের স্টাফ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যদের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
পরে আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ‘লাউডগা’ প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন।
আবুল কাশেম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গহর আলী।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুর রহমান জানান, গত ১ এপ্রিল সাত সদস্যের একটি দল অনুমতি নিয়ে ওই এলাকায় মধু আহরণে প্রবেশ করে। আহত আবুল কাশেম ওই দলের সদস্য ছিলেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সাপটি কামড়েছে তা ততটা বিষাক্ত নয়। রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
এ ঘটনায় বন বিভাগ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।





















