প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১২:৩৩ প্রিন্ট সংস্করণ
নরউইচ সিটির একাডেমির প্রতিভাবান ফুটবলার আজয় তাভারেসকে দলে ভিড়িয়েছে স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনা। ১৬ বছর বয়সী এই তরুণকে ইউরোপের একাধিক ক্লাব দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল বলে জানা গেছে। চুক্তির আর্থিক দিক নরউইচ সিটি নিশ্চিত না করলেও নিয়ম অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে।
তাভারেস অনূর্ধ্ব-১২ পর্যায়ে নরউইচে যোগ দেন। গত গ্রীষ্মে, মাত্র ১৫ বছর বয়সে, ডাচ ক্লাব ভোলেনডামের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচের মূল দলে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে এখনো জ্যেষ্ঠ পর্যায়ের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তার অভিষেক হয়নি।
নরউইচের ক্রীড়া পরিচালক বেন ন্যাপার বলেন, ‘আজয়ের মতো প্রতিভাবান একাডেমি খেলোয়াড়কে হারানোয় আমরা ভীষণ দুঃখিত। তবে তার চেয়েও বড় অনুভূতি হচ্ছে গর্ব। আমাদের একাডেমির সঙ্গে যুক্ত সবার অসাধারণ কাজই আজয়ের উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে। বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ও একাডেমিতে সে পা রাখছে—এতে আমরা অত্যন্ত গর্বিত।’
গত ৩১ জানুয়ারি কোলনিতে নরউইচের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে চেলসির বিপক্ষে খেলেছেন তাভারেস।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব–১৫, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৭ দলে প্রতিনিধিত্ব করেছেন। ন্যাপার আরও বলেন, ‘ক্লাব ও দেশের হয়ে আগামী বছরগুলোতে সে আরও বড় সাফল্য অর্জন করবে—এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
ইংল্যান্ডের ফুটবল থেকে ১৬ বছর বয়সী খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে বার্সেলোনার এটি প্রথম ঘটনা নয়। ২০১৯ সালে তারা ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন থেকে লুই ব্যারিকে দলে নিয়েছিল। তবে পরের বছর প্রায় ১০ লাখ ইউরো ফিতে তিনি অ্যাস্টন ভিলায় ফিরে যান।
এর এক বছর আগে আর্সেনাল থেকে ১৮ বছর বয়সী মার্কাস ম্যাকগুয়েনকে দলে নেয় বার্সেলোনা, যেখানে তিনি তাদের ‘বি’ দলে যোগ দেন। ম্যাকগুয়েন ২০২০ সালে ইংল্যান্ডে ফিরে নটিংহ্যাম ফরেস্টে চুক্তিবদ্ধ হন এবং এরপর অক্সফোর্ড ইউনাইটেড, ব্রিস্টল সিটি ও হাডার্সফিল্ড টাউনের হয়ে খেলেছেন।




















