তথ্যপ্রযুক্তি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১৮ অক্টোবর ২০২৫ , ৮:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিনয় মার্ডি (৩০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাজেবাকসা–ছয়ঘরিয়া ব্রিজ এলাকার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় মার্ডি উপজেলার বাজেবাকসা আদিবাসী হাটপাড়া এলাকার সামু মার্ডির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিনয় মার্ডি অটোভ্যানে করে কাতিহার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোভ্যানটি ছয়ঘরিয়া ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ভ্যানটি উল্টে গেলে বিনয় ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।”

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content